মন কেমনের কবিতা
জুন ১৮, ২০১৯অনেক যত্নে অশ্রু সাজাতেই দেখি হঠাৎ বৃষ্টি, বিগত বিহান যেন অযথাই সৃষ্টি কিছু ভাবনার আঁচড় দৃষ্টিপটে। চলতে চলতে দেখি জীবন জুয়ার শেষ...
অনেক যত্নে অশ্রু সাজাতেই দেখি হঠাৎ বৃষ্টি,
বিগত বিহান যেন অযথাই সৃষ্টি
কিছু ভাবনার আঁচড় দৃষ্টিপটে।
চলতে চলতে দেখি জীবন জুয়ার শেষ বাজিটা,
শেষবারের মত হারজিতের শঙ্কাটা
তাড়া দিলো পাল্টা ফিরতি পথের।
বারবার ঘষে মেজে শেখা নতুন করে পুরোনো অভিনয়,
পায়ে পায়ে হারানো মুঠো মুঠো সময়
কিছু প্রিয় বিনিময় আগলে রেখে।
প্রথম আবোল-তাবলে স্মৃতির মূর্ছনা মাখি,
প্রথম ভালবাসার প্রলাপে দেখি
এখনো সেই দুখি আঁখি সেই চেনা পথে।
যত্ন করে আবারো সেই দুঃখ দুঃখ প্রহসন,
হৃদয়ের কুঠুরী জুড়ে শত মন
জারি করে বিদায়ের সমন বাস্তবতার আভরণে।
তবুও জানলার এপাশে ক্যানভাস ছড়িয়ে বসে থাকি,
স্বপ্নের রঙ ছিটিয়ে ভালবাসার ছবি আঁকি
বাকি বাদলের সানকিতে।
কেমন কেমন যেন পড়ে যায় ঝর্ণা দিন,
জানলার কার্নিসে পবনের বীণ
অপেক্ষার অচিন সুরে জীবন বাধে অন্তরীণে।
রচনাকালঃ মে, ২০০৫
চিত্রকল্পের প্রস্তাবক: আরণ্যক রাহাত
আমি আরণ্যক রাহাত। শৈবালের গায়ে জমে থাকা বিন্দু বিন্দু জলের মত জীবনটাকে গুছিয়ে নেয়ার নিমিত্তে নিয়ত ছুটে চলতে চলতে দিন শেষে যখন নিজের জন্য কিছুটা সময় বেছে নেই তখন প্রিয় প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়ানো, প্রিয় মানুষগুলোর হাসিমুখ আর কবিতা কড়চার মাঝে খুঁজে পাই নিজের ভালবাসার জায়গাটা। সেই ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের অঙ্কুরে প্রিয় কিছু অনুভূতি আর কিছু আনাড়ী শব্দগুচ্ছের বুননে সৃষ্ট আমার কবিতাগুলোকে নিয়ে এই অথৈ আন্তঃজাল সমুদ্রে ছোট্ট এক খন্ড দ্বীপের নামান্তর চিত্রকল্পের প্রস্তাবনা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


0 মন্তব্য: